মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু থেকে বাঁচতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নিজের ব্যক্তিগত অর্থায়নে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসপাতালের বিদ্যমান সংকট প্রসঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, হাসপাতালের চিকিৎসক সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রুত এসব সমস্যার সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। জনগণের সুচিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান বলেন, সম্প্রতি সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডেঙ্গু শনাক্তকরণ কিটসহ বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি আজ ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করেছেন।
তিনি আরও বলেন, এসব কিটের মাধ্যমে আগামী ৩ থেকে ৪ মাস হাসপাতালের ডেঙ্গু শনাক্তকরণের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তারা।

0 মন্তব্যসমূহ