ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন


 


মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

সারাদেশের সঙ্গে একযোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। বোর্ডের অধীনে মোট ৭০ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৭ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৬৩৬ জন। মোট উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৩৫৪ জন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৪৭ জন, যাদের পাসের হার ৪৭ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে ছাত্রী উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৭০৭ জন, যাদের পাসের হার ৫৫ দশমিক ০২ শতাংশ।

এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ১ হাজার ১৮ জন এবং ছাত্রী ১ হাজার ১১৯ জন। বোর্ডের অধীনে ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

চার জেলায় পাসের হার

বোর্ডের অধীন চার জেলার ফলাফলে ময়মনসিংহ জেলায় পাসের হার সর্বোচ্চ ৫৯ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে শেরপুরে ৪৫ দশমিক ৬৫ শতাংশ, নেত্রকোনায় ৪৩ দশমিক ৯১ শতাংশ এবং জামালপুরে ৪৩ দশমিক ৩৫ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ, মানবিক বিভাগে ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২ দশমিক ৭২ শতাংশ।

ময়মনসিংহের উল্লেখযোগ্য কলেজগুলোর ফলাফল

এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ নগরীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী এবং ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

এ ছাড়া নগরীর উল্লেখযোগ্য কয়েকটি কলেজের পাসের হার হলো—

অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ — ৯৬ দশমিক ৫ শতাংশ।


শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ — ৯৫ দশমিক ৪৩ শতাংশ।


মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ — ৯৩ দশমিক ১৪ শতাংশ।


নটরডেম কলেজ, ময়মনসিংহ — ৮৯ দশমিক ২৮ শতাংশ।


ময়মনসিংহ কমার্স কলেজ — ৮৯ দশমিক ২৩ শতাংশ।


আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ — ৮৮ দশমিক ৭৩ শতাংশ।


আনন্দমোহন সরকারি কলেজ — ৮৭ দশমিক ৮৩ শতাংশ।


ময়মনসিংহ সরকারি কলেজ — ৭৯ শতাংশ।


রয়েল মিডিয়া কলেজ — ৭১ দশমিক ৮৪ শতাংশ।


ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে।

এ জন্য পরীক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.educationboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। প্রতিটি পত্রের জন্য নির্ধারিত ১৫০ টাকা ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

সামগ্রিক ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। পাশাপাশি জিপিএ-৫ অর্জনেও ছাত্রীরা এগিয়ে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ