মোঃ কুতুব উদ্দিন, ঢাকা
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি প্রতারণা ও আত্মসাতের মামলায় বরিশালের বাকেরগঞ্জ ও মুলাদী এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা, ঢাকা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের কদমপুর এলাকায় বড় মসজিদসংলগ্ন ফজলুর রহমানের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে মো. নাজিম কাজী (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন এসআই প্রদীপ চন্দ্র দাস ও তাঁর সঙ্গীয় পুলিশ সদস্যরা। নাজিম কাজী দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর এলাকার বাসিন্দা।
একই রাতে সাড়ে ১০টার দিকে তেঘরিয়া ইউনিয়নের কদমপুর এলাকায় মহিলা মাদ্রাসার সামনের সেতুর ওপর থেকে হাসান মাহমুদ (৩১) নামে আরেক ব্যক্তিকে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এসআই শংকর চন্দ্র সরকার ও তাঁর সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। হাসান মাহমুদ কদমপুর-আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা।
এদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ১৪ আগস্ট ২০২৬ তারিখের ৩৬ নম্বর মামলার আসামিদের গ্রেপ্তারে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল জেলার বাকেরগঞ্জ ও মুলাদী থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় রহিমা বেগম (৩৬) ও মো. রফিকুল ইসলাম (৫০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রয়েছে।
পুলিশ জানায়, ইয়াবা ও হেরোইন উদ্ধারের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এ ছাড়া আগের মামলার আসামিদের গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

0 মন্তব্যসমূহ