সমাপ্ত হলো নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান, জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম


 


মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

দেশের জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ২২ দিনব্যাপী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ অভিযান শেষ হয়। ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ২১২টি অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

অভিযান চলাকালে ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার অবৈধ জাল, ১৬৬টি বিভিন্ন ধরনের জাল, চারটি বোট এবং ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এ ছাড়া ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা।

নৌবাহিনী সূত্রে জানা যায়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের ৯টি জেলায় সাতটি জাহাজ ও বিভিন্ন কন্টিনজেন্টের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধ এবং গভীর সমুদ্রে দেশি-বিদেশি মাছ ধরার নৌযানের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়।

এ ছাড়া সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও দেশের অভ্যন্তরীণ নদ-নদীর ইলিশের প্রধান প্রজননক্ষেত্রগুলোতে টহল জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

অভিযানে জব্দ করা অবৈধ জাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়। জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

নৌবাহিনী জানায়, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবিস্তারের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের টেকসই সংরক্ষণে এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা পুনরায় স্বাভাবিকভাবে মাছ আহরণ করে জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ