কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে সাধারণ মানুষ


 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রাণকেন্দ্র চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর পৌরসভার ময়লা-আবর্জনা ফেলে তৈরি করা হয়েছে বিশাল ভাগাড়। মহাসড়কের পাশে দিনের পর দিন পচা ময়লার স্তূপ জমে থাকায় চরম দুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন হাজারো পথচারী, ব্যবসায়ী ও চিকিৎসা নিতে আসা রোগীরা।

শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভারব্রিজের নিচে এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গুরুত্বপূর্ণ মহাসড়কের ওপর ময়লা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য ও স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কের ওপর ও আশপাশে পচা শাকসবজি, ফলমূলের উচ্ছিষ্ট, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্যের স্তূপ জমে রয়েছে। এমনকি হাসপাতালের বর্জ্যও সেখানে ফেলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ময়লার দুর্গন্ধে এলাকাজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। সেখানে এক-দুই মিনিট দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছে।

ময়লার স্তূপের পাশেই ঝুঁকিপূর্ণ ও নোংরা পরিবেশে ঝালমুড়ি, চটপটি, দই-মিষ্টিসহ বিভিন্ন খোলা খাবার বিক্রি হচ্ছে। দুর্গন্ধের মধ্যেই অনেকে খাবার খেতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার বাস, ট্রাক ও অটোরিকশা ময়লার ভাগাড় ঘেঁষে চলাচল করায় যানজটেরও সৃষ্টি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল বাছেত বলেন, ‘মহাসড়কের ওপর পৌরসভা ময়লা ফেলার জায়গা বানিয়েছে। দুর্গন্ধের কারণে দোকানে ক্রেতা আসতে চান না। প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো প্রতিকার পাইনি।’

পারভীন নামে এক স্কুলশিক্ষিকা বলেন, ‘শিশুদের নিয়ে স্কুলে যাওয়ার সময় নাক চেপে চলাচল করতে হয়। হাসপাতালের সামনে এমন নোংরা পরিবেশ থাকলে রোগীরা কীভাবে সুস্থ হবেন?’

এ বিষয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ স্থানে এভাবে ময়লা ফেলা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। ইতিমধ্যে পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত ময়লা অপসারণ এবং নির্দিষ্ট ডাম্পিং স্টেশনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। প্রয়োজনে নতুন বরাদ্দ দেওয়া হবে।’

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘মহাসড়ক কোনোভাবেই ময়লা ফেলার স্থান হতে পারে না। পৌর কর্তৃপক্ষকে দ্রুত ময়লা অপসারণের জন্য নোটিশ দেওয়া হচ্ছে। দ্রুত এলাকাটি পরিষ্কার করা হবে। ভবিষ্যতে যেন মহাসড়কে ময়লা ফেলা না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।’

এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর থেকে অবিলম্বে ময়লার ভাগাড় অপসারণ করতে হবে। পাশাপাশি পৌরসভার নিজস্ব স্থায়ী ডাম্পিং স্টেশনের ব্যবস্থা করে বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ