শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮ পিস স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল

সেলিম আহম্মেদ, বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৮ পিস স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯ লাখ টাকা।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজ বাগান এলাকার প্রাইম ব্রিকসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সুজুকি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক আলাউদ্দিন (৫২) শার্শা থানার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে শার্শা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার জানান, পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ আলাউদ্দিনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা ১৮ পিস স্বর্ণের বারের ওজন ২ কেজি ৯০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪ কোটি ৯ লাখ টাকা।

এ ঘটনায় চোরাচালান আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রতিবেদক: সেলিম আহম্মেদ
বেনাপোল প্রতিনিধি
তারিখ: ২১ অক্টোবর ২০২৬

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ