শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আনসার সদস্যদের কর্মসংস্থান কেন্দ্র ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষ করে গড়ে তোলা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করা জরুরি। দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশ যাওয়ার কারণে অনেক কর্মী প্রতারণার শিকার হন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ ধরনের ঝুঁকি এড়াতে বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়া এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী আরও জানান, প্রতিটি উপজেলা থেকে বিদেশগামী কর্মীদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হবে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দক্ষ জনশক্তি রপ্তানি এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে মন্ত্রী আনসার ও ভিডিপি একাডেমিতে বৃক্ষরোপণ করেন। পরে তিনি একাডেমির গার্মেন্টস কারখানা, প্যান্ট্রি এবং বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কার্যক্রমের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দালালের প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং অনিরাপদ অভিবাসনের ঝুঁকি এখনো বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, দক্ষতা উন্নয়ন, স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া এবং প্রতারণা প্রতিরোধে কার্যকর পদক্ষেপের মাধ্যমে বিদেশগামী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

0 মন্তব্যসমূহ