রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত দৃষ্টিনন্দন প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকটির উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বলা হয়, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার কোনো বিকল্প নেই।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম মিন্টু।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ভিপি, চেম্বার অব কমার্সের পরিচালক ও ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু; সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু; সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল; যুবদলের সদস্যসচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, সহসভাপতি লাইসুর রহমান লিপু এবং উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।
এ সময় প্রভাষক মনোয়ার আহমেদ সিদ্দিকী ও নজরুল ইসলাম খান বুলুসহ কলেজের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নবনির্মিত প্রধান ফটকটি কলেজের সৌন্দর্য বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

0 মন্তব্যসমূহ