মিঠামইন সাব-রেজিস্ট্রি অফিসে গোপন লেনদেনের অভিযোগ, ২৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল


 

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের মিঠামইন সাব-রেজিস্ট্রি অফিসের ভেতরে কথিত গোপন লেনদেনের একটি ২৮ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে অফিসের একজন কর্মচারী ও একজন দলিল লেখকের মধ্যে টাকা আদান-প্রদানের দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অফিসের একটি টেবিলে ফাইল ও কাগজপত্রের স্তূপের আড়ালে দুই ব্যক্তির মধ্যে কিছু আদান-প্রদান হচ্ছে। এ সময় টেবিলে ক্যালকুলেটর, দলিলের ফাইল ও বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে থাকতে দেখা যায়।

ভিডিওটির অডিওতে দুই ব্যক্তিকে কমিশনের অর্ডার নিয়ে কথা বলতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। কথোপকথনের একপর্যায়ে একজনকে বলতে শোনা যায়, “এর আগে কমিশনে গুচ্ছা খাইছি”—যা থেকে কমিশনসংক্রান্ত লেনদেন নিয়ে দর-কষাকষির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ভিডিওটির সত্যতা ও কথোপকথনের প্রকৃত প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, জমির দলিল নিবন্ধন করতে গিয়ে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করা হয়। ভাইরাল ভিডিওটি প্রকাশের পর সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম ও কথিত লেনদেন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সচেতন মহল ভিডিওটির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে মিঠামইন সাব-রেজিস্ট্রার ফরিদ মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিঠামইন, কিশোরগঞ্জ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ