রংপুরে ২৬ মামলার পলাতক আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার


 

আরমান হোসেন রাজু, রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও অপহরণসহ ২৬টি মামলার আসামি রাজিব হোসেন সুমন ওরফে ‘মেরিল সুমন’কে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন নগরীর শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে।

২৬টি মামলার আসামি সুমন

এসআরবি সূত্রে জানা গেছে, সুমনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, অপহরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা, আটটি হত্যাচেষ্টা ও মারামারির মামলা, চারটি চাঁদাবাজির মামলা এবং ছয়টি অস্ত্র মামলা রয়েছে। এ ছাড়া অন্যান্য অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

আগেও একাধিকবার গ্রেপ্তার

এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে সুমনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া ২০১৯ সালে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এবং ২০২৩ সালে পিস্তল ও ইয়াবাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি।

পরবর্তী আইনগত ব্যবস্থা

এসআরবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সুমনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

প্রতিবেদক: আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ