সাংবাদিক আলীফ ফকির ও স্বপন ভদ্র হত্যার বিচারের দাবিতে তারাকান্দায় মানববন্ধন




তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলীফ ফকির হত্যার প্রতিবাদ এবং ময়মনসিংহের তারাকান্দার জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন ভদ্র হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় তারাকান্দা থানার সামনে ‘তারাকান্দার সর্বস্তরের সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলীফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারাকান্দার জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন ভদ্র হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তারা।


বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা উভয় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।


মানববন্ধনে স্থানীয় সাংবাদিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সংবাদকর্মীদের ওপর সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ