বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়


 

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উচ্চশিক্ষিত মোছা. শারমিন মাহবুব। এলাকার সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায় উপজেলার বড় শীতলাই এলাকায় নিজ বাড়িতে এ উপলক্ষে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গ্রামের তিন শতাধিক নারী, পুরুষ ও যুবক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শারমিন মাহবুব এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে তাঁর ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মতামত, প্রত্যাশা ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

তিনি জানান, এলাকার মানুষের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। বিশেষ করে নারী ও যুবসমাজের উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব দিতে চান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন। পাশাপাশি এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।

স্থানীয় পর্যায়ে এমন উন্মুক্ত মতবিনিময়কে এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাঁদের প্রত্যাশা জানার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ