বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিনসহ ৪ জনের ৩ দিনের রিমান্ড


 

মোস্তফা আল মাসুদ, বগুড়া

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহিনসহ সংগঠনটির চার নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের কক্সবাজার সদর থানার কলাতলী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহিন (৫২), জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং মো. ফেরদৌস হোসেন (২৬)।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) ইকবাল বাহার গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমানের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে হামলা, সহিংসতা ও হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলার আসামি।

পুলিশ জানায়, ভিপি শাহিনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ ১১টির বেশি মামলা রয়েছে। অপর আসামি সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদুর বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও বিস্ফোরক আইনের মামলাসহ নয়টির বেশি মামলা রয়েছে। অন্য দুই আসামির বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, মামলাগুলোর পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর থানার কলাতলী ব্রিজ এলাকায় একটি রিসোর্ট ও আশপাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে মঙ্গলবার বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের জেলা গোয়েন্দা শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিস্তারিত তথ্য তুলে ধরেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) ইকবাল বাহার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ