ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়


 

মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।

সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, শিক্ষার মান শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের সক্ষমতাও মানসম্মত শিক্ষার গুরুত্বপূর্ণ সূচক।

তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে গতানুগতিকতার বাইরে গিয়ে দায়িত্বশীলতা, আত্মসমালোচনা ও কার্যকর মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি, মৌলিক দক্ষতা ও শিখনফলকে পরিমাপযোগ্য সূচক হিসেবে নির্ধারণ করে দুর্বলতা চিহ্নিত করতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই দুর্বলতা কাটিয়ে উঠে পরবর্তীতে অগ্রগতি মূল্যায়নের আহ্বান জানান তিনি।

প্রধান শিক্ষকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, প্রতিষ্ঠানপ্রধানকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, একজন দক্ষ নেতা ও রোল মডেল হিসেবেও দায়িত্ব পালন করতে হবে। নিজের সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। জ্ঞান ও মূল্যবোধের সমন্বয়ে দায়িত্বশীল, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য।

মতবিনিময় সভায় ময়মনসিংহের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় ব্যবস্থাপনা, শিক্ষণপদ্ধতি এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য কার্যকর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ