সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের


 

নওগাঁ জেলা প্রতিনিধি:


নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে মাসুদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাংবাদিক রাসেল রানাকে হত্যা মামলায় আসামি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে প্রতিবাদ জানিয়েছেন বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল এমরান হোসেন।


সম্প্রতি দেওয়া এক প্রতিবাদলিপিতে চেয়ারম্যান বলেন, সাংবাদিক রাসেল রানাকে হত্যা মামলায় আসামি করার বিষয়ে তাঁর কোনো ধরনের ভূমিকা নেই। এমনকি তাঁকে মামলায় আসামি করার জন্য কাউকে কোনো নির্দেশও দেননি তিনি।


চেয়ারম্যান আল এমরান হোসেন বলেন, জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাসুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এর বাইরে ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। তাঁকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য ও অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।


প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। এর মাধ্যমে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।


চেয়ারম্যানের দাবি, সংঘর্ষের ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং তাঁদের ভূমিকা বেরিয়ে আসবে। তাই তদন্ত শেষ হওয়ার আগে কোনো পক্ষকে দায়ী না করে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।


এদিকে, মামলার বাদী রিফাত হোসেন ও তাঁর বাবা আফজাল হোসেন চেয়ারম্যানের বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন।


রিফাত হোসেনের দাবি, সংঘর্ষের দিন তাঁদের বিরুদ্ধে আসামিপক্ষের জমির পটলগাছ ও বিভিন্ন সবজি নষ্ট করার অভিযোগ ওঠে। পরে আসামিপক্ষের লোকজনকে সঙ্গে নিয়ে সাংবাদিক রাসেল রানা থানায় গিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেন। এ কারণেই তাঁকে মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।


রিফাত বলেন, “তিনি এই ঘটনায় জড়িত না থাকলে আসামিপক্ষের হয়ে থানায় যাবেন কেন? তিনি সবসময় আমাদের বিপক্ষে কাজ করেছেন। এ কারণে তাঁকে আসামি করা হয়েছে।”


উল্লেখ্য, চেয়ারম্যানের প্রতিবাদলিপিতে তাঁর বক্তব্যের সঙ্গে সাংবাদিক রাসেল রানাকে হত্যা মামলায় আসামি করার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ