কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সামিউল আল আরাফাত (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউল আল আরাফাত টাঙ্গাইল সদর উপজেলার আদালতপাড়া ১৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সালাম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামিউল টাঙ্গাইল থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে কালিয়াকৈরের উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নাওজোর-সালনা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেন।

বিষয়টি নিশ্চিত করে নাওজোর-সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী জানান, দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ