জ্যেষ্ঠ প্রতিবেদক:
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮) হত্যা মামলায় ৮ এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এর মধ্যে র্যাব-১০ মুন্সীগঞ্জ থেকে ৪ জন এবং র্যাব-৪ আমিনবাজার এলাকা থেকে আরও ৪ জনকে গ্রেফতার করেছে।
গত ৫ সেপ্টেম্বর রাতে আমিনবাজারের বরদেশী এলাকায় একটি অটোরিকশা গ্যারেজের মালিককে মারধরের প্রতিবাদ করাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একটি অটো রাখাকে কেন্দ্র করে গ্যারেজ মালিককে মারধর করা হচ্ছিল। এ সময় এসআই আলতাফ হোসেন ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীদের সঙ্গে তার ও তার ছেলে আরিফুলের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলতাফ হোসেন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। তবে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। প্রাণ বাঁচাতে তিনি তার ছেলের পোশাক কারখানায় আশ্রয় নিলেও হামলাকারীরা আরও সহযোগী নিয়ে কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এসআই আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলকে মারধর করে। এ সময় কারখানার মেশিন ও আসবাবপত্রও ভাঙচুর করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এর ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর রাতে মুন্সীগঞ্জ সদর থানার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১০ চার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন— আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০) ও ইমরান (২৬)। র্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত আপন সাভার থানার তিনটি মাদক মামলার আসামি।
এছাড়া একই ঘটনায় র্যাব-৪ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও চার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করে। তারা হলেন— নূর মোহাম্মদ রুদ্র (২৪), রাকিব মিয়া (২৮), ছাব্বির আহম্মেদ (২৪) ও ওয়াসিম (৪০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে একটি মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

0 মন্তব্যসমূহ