এম বাদল খন্দকার, বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা ডাকবাংলা থেকে চান্দুরা বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দ, পিচ উঠে যাওয়া ও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় প্রায় ১০ গ্রামের হাজারো মানুষ।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ৩০–৪০ ফুট এলাকাজুড়ে পানি জমে আছে। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এতে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, চান্দুরা বাজার এলাকার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে রাস্তার বেহাল অবস্থার কারণে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে এবং বেড়েছে পরিবহন খরচ।
এলাকাবাসী জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনসহ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের প্রাণের দাবি—সড়কটি দ্রুত সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করা।
চান্দুরা বাজারের ব্যবসায়ী রিফাত মিয়া বলেন, সড়কের দুরবস্থার কারণে মালামাল আনা-নেওয়ায় ভোগান্তি হচ্ছে এবং দুর্ঘটনায় পণ্য নষ্ট হচ্ছে।
এলাকাবাসী দ্রুত বিজয়নগর উপজেলা এলজিইডি ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে চান্দুরা ডাকবাংলা থেকে চান্দুরা বাজার পর্যন্ত সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ