গফরগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, তুলার গোডাউনসহ ৬ দোকান পুড়ে ক্ষতি ৩০ লাখ টাকা


 

মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার গফরগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার গোডাউনসহ ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার জামতলা মোড় এলাকার পণ্ডিতপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, জনি বেডিং স্টোরের তুলার গোডাউনে তুলা প্রক্রিয়াজাত করার সময় মেশিনের সংযোগ দিতে গেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউন ও আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে দুটি গোডাউন ও চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন আশরাফুল ইসলাম রনি, ইউসুফ বেডিং, আশরাফ ওয়েল্ডিং, রঞ্জন কর্মকার ও বাঞ্জারামের মাটির হাঁড়ি-পাতিলের দোকানের মালিকরা। তাঁদের দাবি, আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

আগুনের খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গফরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, এলাকাটি ঘনবসতিপূর্ণ হলেও পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে আগুন আরও বড় পরিসরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ