চাঁপাইনবাবগঞ্জে আট মাসে ৭০ আত্মহত্যা, তরুণদের নিয়ে উদ্বেগ
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরের প্রথম আট মাসে ৭০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই সময়ে জেলায় মোট ১৮১টি অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আত্মহত্যাকারীদের মধ্যে ১৮ বছরের নিচে ১৫ জন, ১৯–৩০ বছর বয়সী ২৯ জন, ৩১–৪৫ বছর বয়সী ১২ জন, ৪৬–৬০ বছর বয়সী ৯ জন এবং ৬০ বছরের বেশি বয়সী ৫ জন রয়েছেন। পরিসংখ্যানে তরুণ ও কিশোর-কিশোরীদের সংখ্যা বেশি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ।
পুলিশের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রেমঘটিত বিষয়, পরীক্ষায় ব্যর্থতা, অভিমান, পারিবারিক ও দাম্পত্য কলহ, মানসিক চাপ, আর্থিক সংকট ও ঋণের বোঝাসহ বিভিন্ন কারণে অনেকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিচ্ছেন।
সম্প্রতি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর গ্রামে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেন। এর আগেও মনাকষা ও ছত্রাজিতপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, সাময়িক মানসিক সংকটের কারণে যেন কোনো সম্ভাবনাময় জীবন শেষ হয়ে না যায়, সে জন্য পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। শিশু-কিশোরদের আচরণে পরিবর্তন বা হতাশার লক্ষণ দেখা দিলে বকাঝকা না করে সহমর্মিতার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা এবং সন্তানের মানসিক স্বাস্থ্যের প্রতি অভিভাবকদের নজর দেওয়া জরুরি। কোনো সংকট তৈরি হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তা নেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার।

0 মন্তব্যসমূহ