ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদল, বিএনপি, যুবদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন স্লোগানে পৌর শহর মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশের উপস্থিতিতে কর্মসূচি অনুষ্ঠিত হয়। সদস্য সচিব নাঈমুর রহমান পুষ্প সমাবেশটি সঞ্চালনা করেন।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা ও সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা সজাগ রয়েছেন। তারা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লবসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ