তারাকান্দায় বিষপানে অসুস্থ হয়ে হাসপাতালে তরুণের মৃত্যু।


তারাকান্দা ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় ঘাসমারা বিষ পান করে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাহফুজ ইসলাম (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাথুয়াদী গ্রামে মাহফুজের বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারে পুলিশ।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মাহফুজ বাথুয়াদী গ্রামের বাবুল হোসেনের তৃতীয় ছেলে। প্রায় আট-নয় মাস আগে তারাটি গ্রামের শান্তা ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে জানিয়েছে পুলিশ।


গত ১৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে বাড়ির সামনের রাস্তায় মাহফুজ ঘাসমারা বিষ পান করেন। পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর ( সোমবার) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।


তারাকান্দা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাশিদ  জানান,এ ঘটনায় লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। বিষয় টি ডায়েরি ভুক্ত করে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ