মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় এক বিধবা চাচীকে ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নুনুজ গ্রামের মোঃ সিদ্দিক মন্ডলের ছেলে মোঃ নুর আলম (৫২) তার বিধবা চাচী আমেনার বাড়িতে প্রবেশ করেন। ওই সময় আমেনা মাঠের কাজ শেষে বাড়িতে ফিরে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন।
অভিযোগ রয়েছে, বাড়ির নির্জনতার সুযোগে সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে নুর আলম তার চাচীকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত নুর আলম পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত আমেনাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।
এ ঘটনায় স্থানীয়রা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান, ভুক্তভোগী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।

0 মন্তব্যসমূহ