রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বালু সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় বালু সংকটসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি), পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, বীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা রশিদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

0 মন্তব্যসমূহ