৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ: সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে অসহায় এক নারীর কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় ইউনিয়নবাসী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযোগ সূত্রে জানা যায়, আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টনের বিরুদ্ধে পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের সালিশ করার কথা বলে দেড় লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে ৫০ হাজার টাকা ‘খাটুনির মজুরি’ হিসেবে রেখে দেওয়ার অভিযোগ করেছেন বৈকুণ্ঠপুর গ্রামের নূর ইসলামের স্ত্রী তাহমিনা বেগম। এ ঘটনায় চেয়ারম্যানের সঙ্গে ইউপি সদস্য মাহাতাব আলী প্রামাণিকের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। মাহাতাব আলী প্রামাণিক বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা। চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সালিশের নামে টাকা নেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে ইউনিয়নবাসীর উদ্যোগে বৈকুণ্ঠপুর বাজারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বৈকুণ্ঠপুর গ্রামের রবিউল ইসলাম, নূর ইসলাম, ভুক্তভোগী তাহমিনা বেগমসহ স্থানীয়রা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করে বলেন, একজন অসহায় নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা বলেন, “এ ধরনের চেয়ারম্যান ও মেম্বার আমরা চাই না।” মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে ভুক্তভোগী নারীর টাকা ফেরত দেওয়ার দাবি জানান। একই সঙ্গে ৪৮ ঘণ্টা থেকে তিন দিনের মধ্যে টাকা ফেরত না দিলে অভিযুক্তদের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় তারা চেয়ারম্যান ও মেম্বারের বহিষ্কারের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন। তবে অভিযুক্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযোজন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ