চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু হলো ডিজিটাল অটোমেশন পদ্ধতি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি রোগীদের চিকিৎসাসেবা আরও দ্রুত, স্বচ্ছ ও আধুনিক করতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু করা হয়েছে ডিজিটাল অটোমেশন পদ্ধতি। জেলা পরিষদের অর্থায়নে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক বলেন, ডিজিটাল অটোমেশন চালুর ফলে হাসপাতালের বিভিন্ন সমস্যা অনেকাংশে কমে আসবে। এর মাধ্যমে প্রচলিত স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া আসবে এবং রোগীরা আরও দ্রুত ও সহজে চিকিৎসাসেবা নিতে পারবেন। তিনি বলেন, অটোমেশন ব্যবস্থায় রোগীদের চিকিৎসাসংক্রান্ত তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসকরা রোগীর পূর্ববর্তী চিকিৎসার তথ্য সহজেই দেখতে পারবেন। এতে চিকিৎসাসেবা দ্রুত দেওয়ার পাশাপাশি কাগজপত্র নিয়ে রোগীদের হয়রানিও কমবে। একই সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা ও ভর্তি সংক্রান্ত অর্থ পরিশোধের জটিলতাও কমে আসবে। হারুনুর রশীদ বলেন, হাসপাতালটি ২৫০ শয্যার হলেও বর্তমানে ১০০ শয্যার জনবল দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের ঘাটতি পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন, বিএমএ ও ড্যাবের জেলা সভাপতি ডা. মোহা. ময়েজ উদ্দীন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোহাম্মদ হাসনাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন অটোমেশন সিস্টেমের আওতায় ফার্মেসি, টিকিট কাউন্টার, ওষুধ বিতরণ, ওষুধের মজুদ ও সরবরাহ ব্যবস্থাপনাসহ হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর ফলে রোগীদের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ