শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির রাতভর অভিযান, আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। ২৮ আগস্ট ২০২৬ রাতে পরিচালিত এসব অভিযানে ৫০২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিএনজি, একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, প্রথমে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল। সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩১০ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ, একটি সিএনজি ও একটি মোবাইল ফোনসহ মো. মামুনুর রশীদ (১৯) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার মো. খলিলের ছেলে। তবে অভিযানের সময় আরও চারজন চোরাকারবারি পালিয়ে যায়। এরপর ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হোসেন ভিটা গ্রামের গফুর মিয়ার আমবাগানে অভিযান চালায় চাঁনশিকারী বিওপির একটি টহল দল। সীমান্ত মেইন পিলার ২০০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ জব্দ করা হয়। অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের খায়রুল মেম্বারের আমবাগানে অভিযান চালায় তেলকুপি বিওপির টহল দল। সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল এস্কুফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ