মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদীতে বাল্যবিবাহ বন্ধ, ১৫ বছরের কিশোরীর বিয়ে স্থগিত
নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন। এ সময় ১৫ বছর বয়সী নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের সকল আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে বাল্যবিবাহের আয়োজন চলছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসনের কর্মকর্তারা। সেখানে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পাওয়া যায়।
জানা যায়, লাখপুর পূর্বপাড়ার বাসিন্দা দুলালের ১৫ বছর বয়সী মেয়ে সুমাইয়ার সঙ্গে চরমান্দালিয়া এলাকার ফরিদ মিয়ার ছেলে রায়হান মিয়ার বিয়ের আয়োজন করা হয়েছিল। সুমাইয়া বর্তমানে নবম শ্রেণিতে পড়াশোনা করছে।
পরে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের সকল আনুষ্ঠানিকতা বন্ধ করা হয়। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না—এ মর্মে মেয়ের পরিবারের পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে কিশোরীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযানের সময় মহিলা বিষয়ক কর্মকর্তার স্টাফ ও মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া।
প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত সচেতনতা ও কার্যকর ভূমিকা অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0 মন্তব্যসমূহ