শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটির একটি নির্মাণাধীন ভবন থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের তামার পাইপ ও তার চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৯ আগস্ট হাইটেক সিটিতে ই.এ.টি.এল ইনোভেশন হাব লিমিটেডের নির্মাণাধীন সাইট থেকে ১৪টি এসির তামার পাইপ ও তামার তার চুরি হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আল আমিন ওরফে বাবু (৩২), রবিউল ইসলাম ওরফে গাজী (২২), সুমন (৩০), কামরুজ্জামান ওরফে বাক্কু (২৩), সুমন ওরফে রাসেল (২০) ও শাওন আজিম (৩৩)।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরের সফিপুর এলাকার একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে ১৪টি তামার পাইপ, প্রায় ৩ কেজি গলানো তামার তার এবং ২৫ কেজি বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, চুরির ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে ২৪ আগস্ট দুপুরে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

0 মন্তব্যসমূহ