মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ব্যাপারীহাট এলাকার শিদলিয়ারপাড় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ওই এলাকার জেলে আক্কেল মিয়া ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলাম ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নাগেশ্বরী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে ছিল কালো প্যান্ট এবং কোমরে একটি বেল্ট। স্থানীয়দের ধারণা, নিহতের বয়স আনুমানিক ২৫ বছর।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করে মরদেহটি ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত ও পরবর্তী তদন্তের মাধ্যমে নিহত যুবকের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

0 মন্তব্যসমূহ