বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, টয়লেটের নাজুক দশায় অসন্তোষ


মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের টয়লেটের নাজুক ও অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসক সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতা সরেজমিনে পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। টয়লেটের বেহাল দশা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করে।

রোববার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। আকস্মিক পরিদর্শনের শুরুতেই তিনি হাসপাতালের টয়লেটগুলো ঘুরে দেখেন। টয়লেটের অপরিচ্ছন্ন ও নাজুক অবস্থা দেখে সংশ্লিষ্টদের কাছে এর কারণ জানতে চান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

পরে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি জরুরি বিভাগ, ফার্মেসি ও রান্নাঘর পরিদর্শন করেন। রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পরীক্ষা করেন। এ সময় খাবারের মান নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে হাসপাতালের দীর্ঘদিনের জনবল সংকটের বিষয়টি মন্ত্রীর নজরে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৪০টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৩ জন। দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট থাকায় সীমিত জনবল দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী উপজেলা পর্যায়ে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এ কার্যক্রম শুরু হলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করা হবে।

এ ছাড়া ডায়ালাইসিস সেবার সংকট কাটাতে জেলা হাসপাতালে ১০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। বদলগাছীতে নতুন পাঁচতলা ভবন নির্মাণের মাধ্যমে আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবার সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করতে ইউনিয়ন পর্যায়ে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ এবং পাঁচ স্তরের রেফারেল পদ্ধতি চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট, অপর্যাপ্ত অবকাঠামো, টয়লেটের নাজুক পরিবেশ এবং রোগীদের খাবারের মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, মন্ত্রীর পরিদর্শনের পর এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ