![]() |
এম. লিখন সরকার
গংগাচড়া (রংপুর) প্রতিনিধি
তারিখ: ৩০ আগস্ট ২০২৬
রংপুরের গংগাচড়া উপজেলায় ভিটি ও কাস্টিং বালুর তীব্র সংকট দেখা দিয়েছে। বৈধ বালুমহল না থাকায় এবং প্রশাসনের কঠোর নজরদারির কারণে স্থানীয় বাজারে বালুর দাম বেড়েছে কয়েক গুণ। এতে একদিকে সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি ব্যাহত হচ্ছে, অন্যদিকে বাড়িঘর নির্মাণ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও কৃষিজীবীরা। বিপাকে পড়েছেন স্থানীয় ঠিকাদাররাও।
স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, প্রায় দুই বছর আগের সরকারি প্রাক্কলন বা স্টিমেট অনুযায়ী এখনো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। অথচ এরই মধ্যে নির্মাণসামগ্রীর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বালুর দাম কয়েক গুণ বেড়েছে। ফলে নির্ধারিত ব্যয়ের মধ্যে কাজ শেষ করতে গিয়ে ঠিকাদারদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এর প্রভাব পড়ছে চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গতি ও বাস্তবায়নে।
সরেজমিনে জানা যায়, দুই বছর আগে গংগাচড়ায় এক ট্রলি ভিটি বালুর দাম ছিল প্রায় ৮০০ থেকে ৯০০ টাকা। বর্তমানে একই পরিমাণ বালু সংগ্রহ করতে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। একইভাবে আগে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় পাওয়া কাস্টিং বালুর দাম বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা।
ঠিকাদার ও বালু ব্যবসায়ীদের দাবি, ব্যক্তিমালিকানাধীন জমিতে পুকুর খনন করে বালু উত্তোলনের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি অনুমোদন ছাড়া বালু পরিবহনের সময় যানবাহন আটক করে বড় অঙ্কের জরিমানা করা হচ্ছে। এতে বৈধ উৎসের অভাবে বালু সরবরাহ ব্যবস্থা কার্যত সংকটে পড়েছে বলে দাবি তাদের।
একজন বালু ব্যবসায়ী বলেন, “আমরা কোথাও বৈধভাবে বালু উত্তোলন করতে পারছি না। প্রশাসন গাড়ি ধরলে বড় অঙ্কের জরিমানা হচ্ছে। ফলে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে।”
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন উপজেলার সাধারণ কৃষিজীবী ও নিম্নআয়ের মানুষ। দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে পাকা বাড়ি নির্মাণের উদ্যোগ নিলেও বালুর সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অনেকেই নির্মাণকাজ শুরু করতে পারছেন না কিংবা কাজ মাঝপথে বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলন ও পরিবহনের ওপর প্রশাসনের কঠোরতা থাকলেও সংকট মোকাবিলায় এখনো কার্যকর বিকল্প ব্যবস্থা দৃশ্যমান নয়। দ্রুত বৈধ বালুমহল ঘোষণা করে স্থানীয় চাহিদা অনুযায়ী বালু সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী, ঠিকাদার ও সাধারণ মানুষ।
এলজিইডিও ভুক্তভোগী
বালুর তীব্র সংকটের বিষয়ে উপজেলা এলজিইডি দপ্তর অবগত আছে কি না জানতে উপজেলা প্রকৌশলী জয়া সান্যালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা জানি, আমরাই ভুক্তভোগী। এখানে আমার দপ্তরের কোনো হাত নেই। এটা সম্পূর্ণভাবে এসিল্যান্ড ও ইউএনও মহোদয়ের দেখার বিষয়। তারা বালুমহল দেখিয়ে দিলে আমরা সেখান থেকে বালু নেব। আমাদের কিছু করার নেই।”
বালুমহল ঘোষণার প্রক্রিয়া চলছে: এসিল্যান্ড
বালুর সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে গংগাচড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে বালুর সঙ্গে মানুষের জীবনযাত্রা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বালুমহল ঘোষণার উদ্দেশ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “বর্তমানে নথিপত্র আমার কার্যালয়ে নেই। খুব সম্ভবত জেলা প্রশাসনের কার্যালয়ে রয়েছে। অনুমোদনকারী কর্তৃপক্ষ বিভাগীয় কমিশনার। তারা অনুমোদন দিলে আমরা বৈধভাবে বালুমহল ঘোষণা করতে পারব। এতে সরকার রাজস্ব আদায় করতে পারবে এবং স্থানীয়ভাবে বালুর যে তীব্র সংকট ও চাহিদা রয়েছে, সেটিও পূরণ করা সম্ভব হবে।”
অনুমোদনের অপেক্ষায় বালুমহল: ইউএনও
গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার বলেন, “বালু ছাড়া আমাদের উন্নয়নমূলক কোনো কাজ করার সুযোগ নেই। বালুমহলের জন্য আমাদের চিঠি পাঠানো আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অনুমোদন পাইনি। আমরা নিজেরা বালুমহল ঘোষণা দিতে পারি না। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করি।”
এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বৈধ বালুমহল ঘোষণা করা হলে একদিকে যেমন সরকারের রাজস্ব আদায়ের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে বালুর অবৈধ উত্তোলন ও চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় বাজারে সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের গতি বাড়বে এবং সাধারণ মানুষের নির্মাণ ব্যয়ের চাপও কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0 মন্তব্যসমূহ