কালীগঞ্জে জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত

মোঃ আলমগীর মোল্লা গাজীপুরের কালীগঞ্জে স্ত্রীকে মারধরের জেরে শ্বশুরকে বাজারে ডেকে নিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ (৬৫) জামালপুর গ্রামের মৃত আলকো মোড়লের ছেলে। তিনি পেশায় কলা ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত মোজাম্মেল জামালপুর মধ্যপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে। নিহতের ছেলে বিল্লাল জানান, প্রায় সাত দিন আগে মোজাম্মেল তার স্ত্রী শাহানাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। শুক্রবার বিকেলে মোজাম্মেল ফোন করে কথা আছে বলে শ্বশুর আব্দুল মজিদকে জামালপুর বাজারে ডেকে নেন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল তার সঙ্গে থাকা ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথায় কোপ দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে প্রথমে নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জানান, মাথার পেছনে আঘাতপ্রাপ্ত অবস্থায় আব্দুল মজিদকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মোজাম্মেলকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ