মো. রাসেল মোল্লা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দেবরের হামলায় নাসিমা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দেবর আলাল মিয়া (৪৫), তার স্ত্রী জোৎস্না বেগম (৪০) ও মেয়ের জামাই শাকিল মিয়া (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগমের স্বামী বাবুল মীর। তাদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।
পুলিশ জানায়, আমলাবো এলাকার জালাল মিজির ছেলে আলাল মিয়া ও তার বড় ভাই বাবুল মীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে নাসিমা বেগমের সঙ্গে আলাল মিয়ার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরে আলাল মিয়া, তার স্ত্রী জোৎস্না বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়া লোহার রড ও এসএস পাইপ দিয়ে নাসিমা বেগমের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে নাসিমা বেগম মাটিতে লুটিয়ে পড়েন।
তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পাঁচজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, আমলাবো এলাকায় দেবর-ভাবীর হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রেফতার তিনজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।


কোন মন্তব্য নেই: