আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের অভিযানে মরদেহ উদ্ধার

আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার ২৯ আগস্ট ২০২৬ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাজেরা (১৪) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বড় কমলাবাড়ী এলাকার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা বড় কমলাবাড়ী এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ভ্যানচালক আবুল হোসেন ওরফে অসর মিয়ার মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, হাজেরার বাবা-মা বর্তমানে জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন। শনিবার বিকেলে হাজেরা তার ছোট বোন ফাহিমা (১০)-কে সঙ্গে নিয়ে বাড়ির পাশে আমজাদ আলী হাজীর পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে হাজেরা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। বোনকে পানিতে ডুবে যেতে দেখে ফাহিমা দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুকুরে উদ্ধার অভিযান শুরু করেন। তবে পুকুরের গভীরতা বেশি হওয়ায় দীর্ঘ সময় চেষ্টা করেও হাজেরার সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে স্থানীয় ইউনিটে ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানিতে নেমে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। পরে জরুরি ভিত্তিতে রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষায়িত ডুবুরি দলকে ঘটনাস্থলে আনা হয়। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে নেমে প্রায় এক ঘণ্টার অভিযান চালিয়ে হাজেরার নিথর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ