ভেন্টিলেটর ও চালার টিন কেটে স্বর্ণ-রুপা, নগদ টাকা ও পণ্য লুট

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা পৌরসভার পূর্বপাড়া এলাকায় একই রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ভেন্টিলেটর, ইট ও দোকানের চালার টিন খুলে ভেতরে প্রবেশ করে স্বর্ণ-রুপা, নগদ টাকা, মোবাইল রিচার্জ কার্ড ও সিগারেটসহ প্রায় ৪ লাখ ৮১ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান স্বর্ণ ব্যবসায়ী মো. শাহিন মিয়া। পরদিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে তিনি দেখতে পান, দোকানের পেছনের ভেন্টিলেটর ও নিচের চালা খুলে চোরেরা ভেতরে প্রবেশ করেছে।

এজাহার সূত্রে জানা যায়, ‘জিম জুয়েলার্স’ থেকে ১ ভরি ৪ আনা ওজনের স্বর্ণ, যার আনুমানিক মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা, এবং প্রায় ২৫ ভরি রুপার তৈরি ব্রেসলেট, চুড়ি, আংটি ও পায়ের নুপুর, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা, চুরি হয়েছে।

শুধু জিম জুয়েলার্স নয়, একই রাতে আশপাশের আরও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানেও চুরির ঘটনা ঘটে।

‘সরকার ভ্যারাইটিজ’ দোকানের পেছনের ভেন্টিলেটর ও ইট খুলে চোরেরা ভেতরে প্রবেশ করে। পরে দোকান থেকে নগদ ৩০ হাজার টাকা ও আনুমানিক ২৫ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড নিয়ে যায় বলে অভিযোগ করেন দোকানের মালিক আব্দুর রহিম সরকার।

এ ছাড়া ‘অর্ণব কনফেকশনারী’র চালার টিন খুলে ভেতরে প্রবেশ করে চোরেরা নগদ ৫ হাজার টাকা ও প্রায় ৫ হাজার টাকার সিগারেট চুরি করে নিয়ে যায়।

অন্যদিকে, ‘আরিফ কনফেকশনারী’র পেছনের চালা খুলে ভেতরে প্রবেশ করে চোরেরা ক্যাশ ড্রয়ারে থাকা ৭ হাজার টাকা ও প্রায় ৯ হাজার টাকার সিগারেট নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

চুরির ঘটনা জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা চোরদের শনাক্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করেন। পরে এ ঘটনায় গাইবান্ধা থানায় অজ্ঞাতনামা চোর বা চোরের দলের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়।

একই রাতে পাশাপাশি চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।